জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ২১:০৭ পিএম
জামালপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী বিড়াল প্রদর্শনী। যেখানে অংশ নিয়েছে নানা জাতের পোষা বিড়াল। শনিবার (২ আগস্ট) সকালে শহরের নিউ কলেজ রোড এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান এই প্রদর্শনীর আয়োজন করে। এ সময় কেউ বিড়ালের গলাই বেধেছেন রঙীন কাপড়, আবার কেউ বা পরিয়েছেন দামি ফিতা ও জামা। মঞ্চে দাঁড়িয়ে সবাইকে দেখান তার প্রিয় প্রাণীটিকে।
জান্নাতুল ইসলাম লিজা নামে এক বিড়াল প্রেমী বলেন, আমার বিড়ালটি বাসায় সবসময় একাই থাকে। ওকে এখানে এনেছি। কারণ এখানে ও সবার সঙ্গে মিশবে, সবাইকে দেখবে। ওর ভালো লাগবে। তাই ওকে এখানে আনা।
রিমা নামে একজন বলেন, বিড়াল হচ্ছে আমার সন্তানের মতো। আমার সন্তানকে যেমন আমি ভালোবাসি, ঠিক বিড়ালকে তেমনই ভালোবাসি।
আয়োজক ডা. নাজমুন নাহার বলেন, বিড়ালের প্রতি সকলের ভালোবাসা বাড়াতেই এমন আয়োজন করা হয়েছে। এছাড়া শহরের যত বিড়ালপ্রেমী আছে সবাইকে এক করতে পেরেছি- এটাই আমাদের সফলতা। প্রদর্শনী শেষে বিড়ালদের বিনা মূল্যে ভ্যাক্সিন প্রদান করা হয়।