সাজ্জাদ লতিফ, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৬:৪৫ পিএম
টঙ্গাইলের সখীপুরের অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে তীব্র ওষুধ সংকট। প্রবা ফটো
টাঙ্গাইলের সখীপুর উপজেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে চলছে তীব্র ওষুধ সংকট। দীর্ঘদিন ধরে এসব ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, সখীপুরের আড়াইপাড়া ও যাদবপুর-বেড়বাড়ীসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসার জন্য আসছেন। কিন্তু সাধারণ জ্বর, সর্দি, ডায়রিয়া, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপের মতো রোগের জন্য প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে না।
আড়াইপাড়া কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা জয়গন বেগম বলেন, হাসপাতালে ওষুধ নেই। বাইরে থেকে কিনতে কইছে। গরিব মানুষ, কিনব কেমনে? টাকা তো নেই।
ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি আবুবকর সিদ্দিক বলেন, পর্যাপ্ত ওষুধ না থাকায় আমাদের বাধ্য হয়ে রোগীদের বাইরের ফার্মেসি থেকে ওষুধ কিনে নিতে বলতে হচ্ছে, যা আমাদের পেশাগত দায়িত্ব পালনে বড় অন্তরায়।
যাদবপুর-বেড়বাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আরিফুল ইসলাম বলেন, গত কয়েক মাস ধরেই ক্লিনিকে সরকারি বরাদ্দকৃত ওষুধ নেই। ওষুধের অভাবে আমরা অসহায়ভাবে হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছি। ফলে আমরা চিকিৎসাসেবা ঠিকভাবে দিতে পারছি না। রোগীদের কেবল পরামর্শ দিয়েই ফিরিয়ে দিতে হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ না দিতে পারায় তাদেরকে ফার্মেসি থেকে কিনে নিতে হচ্ছে, যা অনেক দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। যার ফলে স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। সরকার যেন দ্রুত প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনা পারভীন বলেন, সারা দেশেই কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সংকট রয়েছে। আমি বিষয়টি নিয়ে গত সপ্তাহেই কথা বলেছি। আশা করছি, আগামী মাসের শুরুতে ওষুধ চলে আসবে।
সচেতন মহল ও স্থানীয়রা বলছে, গ্রামের দরিদ্র মানুষের একমাত্র ভরসা হলো কমিউনিটি ক্লিনিক। কিন্তু সেখানে গিয়েও প্রাথমিক ওষুধ না পাওয়ায় তারা ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত সংকট নিরসনের জন্য সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন।