নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ২১:৫৩ পিএম
দুলাভাই ও তার সাঙ্গোপাঙ্গদের হামলায় দাম্পত্য কলহের জেরে বরিশালে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক শ্যালক নিহত হয়েছে। একই হামলায় স্ত্রী ও অন্য এক শ্যালক আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলার সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় সাতজনকে আটক করা হয়।
বরিশাল নগরীর কাশিপুরের বিল্লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লিটু সিকদার। তার লাশ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।
আহত মুন্নি বেগম ও তার ভাই সুমন সিকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নিহত লিটু চার মামলার আসামি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীবাড়ির সন্তান জাকির গাজী এবং সিকদারবাড়ির কন্যা মুন্নি বেগম উভয়ে স্বামী-স্ত্রী। দীর্ঘদিন থেকে এদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
মুন্নি বলেছে, তার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর তার ওপর নির্যাতন চালাত। গত ২৭ জুলাই স্বামী-স্ত্রী উভয়ে থানায় মামলা দায়ের করে। স্ত্রী মুন্নি ও তার দুই ভাই স্বামীর দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নিয়ে রাতে নিজ এলাকায় এলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
মুন্নি বলেছে, তার স্বামী জাকিরসহ গাজীবাড়ির লোকজন তাদের ওপর সংঘবদ্ধ বেপরোয়া হামলা চালিয়েছে। এতে তার বড় ভাই ঘটনাস্থলে নিহত হয় এবং তার ছোট ভাই ও সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. রিয়াজ হোসেন এসব ঘটনার সত্যতা শিকার করে বলেন, গোটা এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে সাতজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘাতক জাকির গাজী পালিয়েছে।