মুরাদনগর (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১৯:৪৪ পিএম
কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১২ জনকে আসামি মামলাটি করেছেন মো. শাহে ইমরান নামে এক গণমাধ্যমকর্মী। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আসামিরা হলেন- মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে শুকুর আলী (৩৫), খামার গ্রাম গ্রামের তাজুল মেম্বারের ছেলে আশিকুল ইসলাম সিদ্দিকী (২১), সিদ্ধেশ্বরী গ্রামের মনির হোসেনের ছেলে নাহিদুল ইসলাম নাঈম (২৪) ও গুঞ্জর গ্রামের সামাদ মিয়ার ছেলে কামাল হোসেন (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার বাবার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমবেশের আয়োজন করেন তার সমর্থকেরা। সমাবেশের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সংবাদকর্মীরা হামলার ফুটেজ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় সাত সাংবাদিক আহত হন। হামলার সময় সাংবাদিকদের ক্যামেরা, মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেন আসামিরা।
মো. শাহে ইমরান বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। আমাদের মারধরের পাশাপাশি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
ওসি জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ঘটনার পরপরই আসামিরা এলাকা থেকে পালিয়েছে। তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।