মাইলস্টোন ট্র্যাজেডি
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২১:৩১ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫ ২২:০৭ পিএম
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থী ও এক অভিভাবকের বাড়িতে গিয়ে গার্ড অব অনার ও ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে বিমানবাহিনীর প্রতিনিধিদলটি গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় নিহত ছাত্র আব্দুল মোবাশ্বির মাকিনের বাড়িতে যায়। এরপর গাজীপুরের বিপ্রবর্থা এলাকায় নিহত ছাত্রী সায়মা আক্তারের বাড়ি এবং সর্বশেষ কালিয়াকৈরের মেডিআশুলাই এলাকায় নিহত অভিভাবক আফসানা আক্তার প্রিয়ার বাড়িতে যান। নিহতদের কবরস্থানে গিয়ে বিমানবাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন এবং বাহিনী প্রধানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার এবিএম গোলাম সাদিক। তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না। বিমানবাহিনীর একটি মেডিকেল দল সব সময় তাদের সঙ্গে রয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য পাঠানো কিংবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে বিমানবাহিনী প্রস্তুত রয়েছে। পাশাপাশি হতাহতদের পরিবারের যোগ্য সদস্যদের চাকরির সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।