মাইলস্টোন ট্র্যাজেডি
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২২:০১ পিএম
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কিশোর মাহতাব রহমান ভূঁইয়ার (১৪) কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রতিনিধি দল।
রবিবার (২৭ জুলাই) নিহত মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামে এসে স্বজনদের সঙ্গে দেখা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান ও মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া।
উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমানবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আমরা শোকাহত, দেশবাসী দোয়া করছি যেন এই শোক কাটিয়ে উঠতে পারি। যারা আহত আছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারেন সেই দোয়া করছি।
মাইলস্টোন ট্র্যাজেডির তদন্তের বিষয়ে তিনি জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হচ্ছে তা আইএসপিআরের মাধ্যমে জানানো হবে।
মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায়, এই দোয়া করি।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহূর্তে স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এ ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব রহমান ভূঁইয়ার শরীরের প্রায় ৭৫ শতাংশ দগ্ধ হয়। পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউতে চিকিৎসাসেবা দেওয়া হয়। গত ২৪ জুলাই চিকিৎসাধীন মাহতাবের মৃত্যু হয়। ওইদিন রাতেই দেবিদ্বারের চুলাশ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অগ্নিদগ্ধ এক ছেলের দৌড়ানোর করুণ ভিডিও সামাজিক গমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছেলেটিই মাহতাব।