চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২২:৫৯ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২৩:১৫ পিএম
চাঁদপুরের কচুয়ায় বিএনপির একটি গণমিছিলে হামলায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার রহিমানগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসব বিষয় নিশ্চিত করেছেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এএইচএম মঞ্জুর আহমেদ সেলিম।
এএইচএম মঞ্জুর আহমেদ সেলিম জানান, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বাজার এলাকায় পৌঁছলে অতর্কিতভাবে বিএনপির সাবেক মন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে নিজেদের দলের কেউ হামলা করতে পারে না। হামলাকারীরা বিএনপির ছদ্মবেশী শত্রু। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, মিছিল চলাকালে ১৫-২০ জন দুর্বৃত্ত হঠাৎ হামলা চালিয়ে ইটপাটকেল ছোড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন। হামলার পর থেকে রহিমানগর বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গণমিছিলের আগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেনÑ জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, মহিলা দলের সভাপতি মুনিরা চৌধুরী, কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। প্রতিবাদ কর্মসূচিতে কচুয়ার ৯, ১০, ১১ ও ১২ নম্বর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।