ঈশ্বরদী
ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২২:৩২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২২:৪৯ পিএম
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে পাঠক, শিল্প, সাহিত্য ও সামাজিক পরিষদ এবং স্থানীয়দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয় গণস্বাক্ষর কর্মসূচি ও বিক্ষোভ মিছিল।
বিভিন্ন স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন হাতে বেলা সাড়ে ১১টা থেকেই মুলাডুলি রেলস্টেশনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। তারা ট্রেন থামাও, দুর্ভোগ কমাও, মিথ্যা আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চাই ইত্যাদি স্লোগান দেন।
এ সময় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে মুলাডুলি স্টেশনে চিলাহাটি, সিল্কসিটি, চিত্রা ও কুড়িগ্রাম এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছি। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি। এ দাবির সঙ্গে শুধু যাতায়াত নয়, পুরো এলাকার আর্থসামাজিক উন্নয়নও জড়িত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পাঠক শিল্প সাহিত্য ও সামাজিক পরিষদের সভাপতি সৈয়দ চঞ্চল মাহমুদ। এতে আরও বক্তব্য রাখেন, মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহানাজ পারভীন মাহফুজা, মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান, বাংলাদেশ কৃষক সমিতির সহসভাপতি জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ, কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মণ্ডল, মুলাডুলি কাঁচামাল আড়তের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবু দেওয়ান, পাঠক শিল্প সাহিত্য ও সামাজিক পরিষদের উপদেষ্টা ফিরোজুল হক প্রমুখ।
এ বিষয়ে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বলেন, মানববন্ধন ও অন্যান্য কর্মসূচি পালন করেছে এলাকাবাসীÑ এটা জানতে পেরেছি, তবে তাদের পক্ষ থেকে লিখিত কোনো স্মারকলিপি পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান বলেন, দাবির বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।