কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১৯:৪৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ২০:০৬ পিএম
প্রবা অলংকরণ
কুমিল্লার লালমাই উপজেলায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কনকশ্রী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত নুরজাহান বেগম কনকশ্রী দক্ষিণপাড়ার কামাল হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘ওই নারীর ছেলে নুরে আলম এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর একবার বাবাকে তিনি মারধর করেন। আজ মামাবাড়িতে গিয়ে মামা ও মামাতো বোনকে কাঠ দিয়ে পেটাতে থাকেন নুরে আলম। খবর পেয়ে ছেলের হাত থেকে ভাই ও ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করেন নুরজাহান।’
তিনি আরও বলেন, ‘এ সময় নুরে আলম কাঠ ফেলে হাতে শাবল নেন। বাধা দিলে শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই রক্তক্ষরণে তার মায়ের মৃত্যু হয়। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।’
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব হোসেন জানান, নুরে আলমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।