কাপ্তাই
কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫ ১৭:৩৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫ ১৭:৪৯ পিএম
আমের মধ্যে জনপ্রিয় হলো পাহাড়ের আম্রপালি আম। আমটি দেখতেও সুন্দর, আবার খেতেও স্বাদ। অন্য আমের চেয়ে এই আমের চাহিদা তাই অনেক বেশি।
রাঙামাটির কাপ্তাইয়ের হাট-বাজারে গিয়ে দেখা যায়, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আম্রপালি বেচাকেনা। কয়েক সপ্তাহের মধ্যে এই এটি বেচাবিক্র শেষ হয়ে যাবে।
তবে আম্রপালির পাশাপাশি বাজারে মিলছে রাংগুই, মল্লিকা, হাঁড়িভাঙাসহ বিভিন্ন জাতের আম। স্থানীয় বিক্রেতারা আম্রপালি আম বেচে বেশ লাভবান হচ্ছেন। তা ছাড়া এ বছর পাহাড়ে আমের ভালো ফলন হওয়ায় ক্রেতারা বিপুল আম সংগ্রহ করতে পেরেছেন।
কাপ্তাইয়ের বড়ইছড়ি, শীলছড়ি, নতুন বাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে কথা হয় আম বিক্রেতাদের সঙ্গে। তারা জানান, শহরের তুলনায় অনেক কম দামে কাপ্তাইয়ে মিলছে আম্রপালি আম। বিশেষ করে যেসব আম শহরে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রয় হয়, সেগুলো উপজেলার বিভিন্ন হাট বাজারে ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। আবার অনেক ক্রেতা রাংগুই আম ৩ কেজি ১০০ টাকায় বেচছে। তুলনামূলক অন্যান্য বছরের তুলনায় এবার আমের ভালো ফলন হওয়ায় আম চাষিরা লাভবান হয়েছেন। অন্যদিকে কাপ্তাইয়ে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে আম। সেইসঙ্গে ক্রেতারাও পছন্দের আম কিনতে পেরে অনেক খুশি। দেশীয় জাতের পাশাপাশি বিদেশি জাতের আম যেমনÑ ব্যানান ম্যাংগো, মিয়াজাকি জাতের আমও অনেকে বিক্রয় করেছেন।
কাপ্তাই কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ জানান, পাহাড়ের এই আম্রপালি স্থানীয় বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়ে থাকে। এ ছাড়া দেশি, বিদেশি বিভিন্ন জাতের আম চাষ করে কাপ্তাইয়ের স্থানীয় আম চাষিরা বেশ লাভবান হয়ে থাকেন। কাপ্তাই কৃষি অধিদপ্তর থেকে চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয়ে থাকে। প্রতি বছরের মতো এবারেও কাপ্তাইয়ে ভালো আমের ফলন হয়েছে। বিশেষ করে পাহাড়ের এসব আমের কদর রয়েছে দেশজুড়ে। আমরা ধারণা করছি, চাষি ও বিক্রেতারা এবারও বেশ লাভবান হবেন।