মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২০:৪০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫ ২০:৫৫ পিএম
কিশোরগঞ্জে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কমের (এসইডিপি) আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানের শুরুতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ (যুদ্ধ) বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাশেম এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।
কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে আসাদুল্লাহ আলিম ও পূর্ণিমা আক্তার বক্তব্য দেন। তারা জানান, এই ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য উদ্বুদ্ধ করে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে সহায়ক হবে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, এসইডিপি স্কিমের এই পুরস্কার শিক্ষার্থীদের জন্য বড় প্রেরণা। তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য অবদান রাখবে।
সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম বলেন, এই প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক হয়ে উঠেছে। শিক্ষার মান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষকদের আন্তরিকতা ও পরিশ্রমের ফলেই আজকের এই স্বীকৃতি। আমাদের লক্ষ্য হবে এই অর্জন ধরে রেখে আরও এগিয়ে যাওয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা বলেন, এসইডিপি প্রকল্প শিক্ষা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত করেছে। শিক্ষকদের দায়িত্বশীলতা বাড়বে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।