বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ২০:৩৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫ ২১:২৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীর কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আরকান সড়কে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা নাসীরউদ্দীন পাটোয়ারীর একটি প্রতিকৃতিতে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভে অংশ নিয়ে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, ‘সালাহউদ্দিন আহমদের মতো একজন জাতীয় নেতাকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তা শুধু বিএনপি নয়Ñ সমগ্র গণতন্ত্রকামী মানুষের জন্য অপমানজনক। এর জবাব রাজপথেই দেওয়া হবে।’
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল নেতা জামশেদ জিসান। উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সহসাংগঠনিক সম্পাদক সামির, হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরফাত, উপজেলা ছাত্রদল নেতা আব্বাদি, আশরাফুল ইমন, অনিত, এমরান এবং পৌরসভা ছাত্রদলের নেতা সাইফুল, ইরফান, ইমতিয়াজ ও মাহিম প্রমুখ।
ছাত্রদলের নেতারা জানান, এই কর্মসূচি বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহর নির্দেশনায় সংগঠিত হয়েছে।
জামশেদ জিসান বলেন, ‘সালাহউদ্দিন আহমদের মতো একজন সম্মানিত ও ত্যাগী রাজনীতিককে নিয়ে কটূক্তি করা শুধু ব্যক্তিগত অপমান নয়Ñ গণতন্ত্র, রাজনৈতিক শিষ্টাচার ও নৈতিকতার ওপর সরাসরি আঘাত। ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিনি আরও বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, কোনো ষড়যন্ত্র, অপমানজনক ভাষা বা কটূক্তি দিয়ে বিএনপির পথ রোধ করা যাবে না। প্রয়োজনে রাজপথেই তার জবাব দেওয়া হবে। ‘জুলাই গণঅভ্যুত্থানের’ নাম ভাঙিয়ে যদি কেউ সম্মানিত নেতাদের নিয়ে বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করে, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তাদের মনে রাখা উচিত জুলাই কারও একার সম্পত্তি নয়, কারও বাপেরও না।’
পরে আরকান সড়কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা নাসীরউদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।