অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২২:২৪ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫ ২২:৪০ পিএম
দেশের বৃহত্তর সার আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপে বোমা হামলার প্রতিবাদে রবিবার (২০ জুলাই) সকালে নওয়াপাড়া বাজারে সার ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
খুলনা মহাসড়কের স্টেশন বাজারে নওয়াপাড়া ট্রান্সপোর্ট মালিক সমিতির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয। এতে কাজী গোলাম ফারুক হোসেন সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তৃতা করেন নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি রেজাউল হোসেন বিশ্বাস, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সিনিয়রসহ সভাপতি মাহামুদুল হাসান লিপু, থানা বিএনপিরসহ সভাপতি শেখ আসাদুল্লাহ আসাদ, স্বেচ্ছাসেবক দলনেতা হাবিবুর রহমান মোল্লা, ব্যবসায়ী আসাদুর রহমান আসাদ, মনিরুজ্জামান মনি, আব্দুল মান্নান, নজরুল ইসলাম ভরসা, আব্দুল সালাম, মফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে নওয়াপাড়া বাজারের সব সার ব্যবসায়ী, বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য, রাজনৈতিক দলের নেতাসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রশাসনকে উদ্দেশ করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বোমা হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় নওয়াপাড়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরে নোয়াপাড়া গ্রুপের সুফলা ভবনে দুষ্কৃতকারীরা হামলা চালায়। এ সময় হামলাকারীরা ২টি বোমা হামলা চালায়। এতে একটি বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় অভয়নগর থানায় নোয়াপাড়া গ্রুপের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।