রংপুর অফিস
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ২২:০৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫ ২২:৪৬ পিএম
রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। রবিবার (২০ জুলাই) জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ৫ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেন।
এতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারকে প্রধান করা হয়েছে। এ ছাড়া তদন্ত কমিটিতে পুলিশ বাহিনী, বিস্ফোরক দপ্তর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের একজন করে প্রতিনিধিকে সদস্য করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গ্যাস ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নতুন করে কেউ মারা যায়নি। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, নিহতের ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।
উল্লেখ্য, গত শনিবার সকালে মেরামতের সময় হঠাৎ করে গ্যাসের ট্যাংকটি বিস্ফোরণ হয়। এতে ফিলিং স্টেশনের কাউন্টার, সেখানে দাঁড়িয়ে থাকা প্রায় ১৩টি প্রাইভেট কার ও অ্যাম্বুলেন্স, রাস্তায় চলাচল করা একটি যাত্রীবাহী বাস ও পার্শ্ববর্তী বাড়ির টিনের চাল, বহুতল ভবনের থাই-জানালা ভেঙে যায়। এ ঘটনায় ফিলিং স্টেশনে থাকা সেলিম রেজা (৪৫) নামে একজন নিহত হয় এবং আহত ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।