খাগড়াছড়ি জেলা পরিষদ
খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ২১:০৬ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫ ২১:১৭ পিএম
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (৯ জুলাই) জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। জেলা পরিষদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের পদ পরিবর্তন বা পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
প্রথমবারের মতো পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে শেফালিকা ত্রিপুরা বলেন, জেলার সার্বিক উন্নয়নে আমি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক একটি পরিষদ গঠনে কাজ করতে চাই। এ লক্ষ্যে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবার সহযোগিতা কামনা করছি।
তিনি আরও জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। জনগণের কাছে জবাবদিহিমূলক পরিষদ গড়াই আমার লক্ষ্য।
ইতোমধ্যেই শেফালিকা ত্রিপুরার এই দায়িত্ব গ্রহণ জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকের মতে একজন নারী হিসেবে পাহাড়ি জনগোষ্ঠী থেকে উঠে আসা এই নেত্রীর নেতৃত্বে জেলা পরিষদে ইতিবাচক পরিবর্তনের সুবাতাস বইবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজ, পরিষদের অন্য সদস্যসহ হস্তান্তরিত বিভাগের বিভিন্ন কর্মকর্তারা।