ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১৩:৪৭ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫ ১৬:৩৪ পিএম
ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৫টি স্থান ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাড়ে ১১ হাজার মানুষ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ১৫টি স্থানে ভেঙেছে। এতে দুর্যোগের কবলে পড়েছে সাড়ে ১১ হাজার মানুষ। গতরাতে ১৩১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এগুলোতে ১১৫টি পরিবারের ৩৪৭ জন আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা ও শুকনো খাওয়ার বিতরণ করছে প্রশাসন। এদিকে পানির স্রোতের কারণে ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরে সর্বোচ্চ। আজ বুধবার ও বৃহস্পতিবারও জেলাজুড়ে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
নদীর পানি এখনো বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও বাঁধ ভাঙনের শঙ্কা রয়েছে বলে জানান ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম।
তবে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রস্তুত রয়েছে ২৫৪৭ জন স্বেচ্ছাসেবক।