বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১৯:১৬ পিএম
পটুয়াখালীর বাউফলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের চার শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৬ জুলাই) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ডিয়ারা কচুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ডিয়ারা কচুয়া গ্রামের ২১ একর ৩৬ শতাংশ জমির মধ্যে তাদের দুই পরিবারের ১৪ একর ২৪ শতাংশ জমিতে চাষাবাদ ও গাছপালা ছিল। কিন্তু জমির অন্য অংশ বিক্রি করা সত্ত্বেও একই পরিবারের একাংশের সদস্য সাকিব হাসান ওরফে সিজার মাতব্বর জোরপূর্বক ওই জমি দখল করে চাষাবাদ করছেন। গত কয়েক দিনে তাদের জমির প্রায় চারশ মেহগনি, চাম্বুল ও রেইনট্রি গাছ কেটে নিয়ে গেছেন।
সরেজমিন গিয়ে দেখা গেছে, গাছ কেটে একটি ট্রলার বোঝাই করে রাখা হয়েছে এবং কিছু গাছ সড়কের ওপর রাখা রয়েছে ট্রলারে তোলার জন্য। স্থানীয় গাছ ব্যবসায়ী ইব্রাহিম জানান, প্রায় আট লাখ টাকা মূল্যের গাছ কাটা হয়েছে। গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিক রিয়াজ সরদার বলেন, সিজার মাতব্বরের নির্দেশেই তারা তিনটি পেট্রোলচালিত করাত মেশিনে আটজন শ্রমিক মিলে গাছগুলো কেটেছেন।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের গ্রামপুলিশ হাবিবুর রহমান জানান, থানার ওসির নির্দেশে তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ রাখতে বলেন কিন্তু তা না শুনে দ্বিতীয় দিনের মতো গাছ কাটা অব্যাহত রাখা হয়। বিষয়টি তারা সংশ্লিষ্ট এসআই শাহাবুদ্দিনকে অবহিত করেছেন।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, গাছ কাটার অভিযোগ পেয়ে গ্রাম-পুলিশ পাঠিয়ে তা বন্ধ রাখতে বলা হয়েছে। দুপক্ষের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে গাছ কেটে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।