কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫ ২০:৫৬ পিএম
কুষ্টিয়ায় সামাজিক মাধ্যম ফেসবুকে ‘জুলাই’ মাস নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনি নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ফারজুল ইসলাম রনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ১ জুলাই বিকালে ফারজুল ইসলাম রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই’ নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেন। বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ দেখা দেয়। এরপর বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত পুলিশ সদস্যের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে পুলিশ সদস্য ফারজুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, সকালে থেকেই তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল এবং আপত্তিকর পোস্টটি তিনি দেননি।
ঘটনার দিন রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যর ছুটি বাতিল করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতোমধ্যে তাকে ক্লোজড করা হয়েছিল এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।