কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ১৬:৩২ পিএম
ঢাকার দোহারে বিএনপির এক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২ জুলাই) ভোর ৬টার দিকে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা হারুন উর রশিদ। বাহ্রা হাবিল উদ্দিন উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন তিনি।
জানা গেছে, বুধবার ভোরে ফজর নামাজ আদায় করে প্রতিদিনের মতো পদ্মা নদীর পার দিয়ে হাঁটছিলেন হারুন উর রশিদ। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও চার রাউন্ড গুলি করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তন্বি বলেন, ভুক্তভোগীর শরীরের চার রাউন্ড গুলির চিহ্ন পাওয়া গেছে। একটি গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায়।
এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, হারুন-অর রশীদ মাস্টার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন। এ ছাড়া শিক্ষকতা পেশায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে আর ১৭ দিন পরে অবসরে যাওয়ার কথা ছিল তার।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. হাসান বলেন, সুরতাহাল রিপোর্টে জানা গেছে নিহতের শরীরে চারটি গুলি ও ৫-৬ টি ধারালো অস্ত্রের কোপ রয়েছে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।