বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২২:০৪ পিএম
পটুয়াখালীর বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও প্রধান গেট নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযোগ পুরোপুরো স্বীকার না করলেও গ্রিল নির্মাণে মিস্ত্রি ভুল করেছেন বলে জানিয়েছেন ঠিকাদারের প্রতিনিধি।
এলজিইইড সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৪) অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র প্রক্রিয়া শেষে ২২ লাখ ৭ হাচার ৭৫৮ টাকার চুক্তিতে যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজ পায় কাজী ট্রেডার্স ও আল মদিনা নামের দুটি নির্মাতা প্রতিষ্ঠান।
সরেজমিন পরিদর্শনকালে মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউদ্দিন মাহমুদ বলেন, শিডিউল অনুযায়ী প্রকল্পের কাজ হচ্ছে না। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। সীমানা প্রাচীরের গ্রিল ডিজাইন অনুসারে হচ্ছে না। নির্মাণকাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে ফাটল তৈরি হয়েছে। যেনতেনভাবে কাজ করায় প্রকল্পটির স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, একই ঠিকাদার উত্তর-পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের নির্মাণকাজেও অনিয়ম করেছেন। এভাবে চোখের সামনে অনিয়ম মেনে নেওয়া যায় না।
মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, কাজের সাইটে ঠিকাদার কিংবা এলজিইডি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসেন না। কোরবানির ঈদের ছুটির সুযোগে গ্রিলের কাজ করা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদারের প্রতিনিধি কাজী রাজিব বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। শিডিউল অনুযায়ী কাজ করছি। শুধু গ্রিল নির্মাণে মিস্ত্রি ভুল করেছে। এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, প্রকল্পটি তদন্ত করে অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।