লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৫ ২১:০৩ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫ ২১:১৯ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমির আইল ভেঙে দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা আবু সামা (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের চর ঠ্যাংঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সামা ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ভাতিজা হাশেম আলী একই এলাকার বছের আলীর ছেলে, ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার চাচা আবু সামা তার জমি চাষ করতে গিয়ে ট্রাক্টরের চাপে ভাতিজা হাশেমের জমির আইল ভেঙে যায়। এ নিয়ে তর্ক হলেও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। গতকাল শুক্রবার আবু সামা তার ছেলেকে সঙ্গে নিয়ে ভাতিজা হাশেম আলীর বাড়িতে যান। জমির আইল ভেঙে দেওয়ার ঘটনা নিয়ে পুনরায় কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হাশেম ধারালো দা দিয়ে চাচার ওপর আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আবু সামাকে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী বলেন, ঘটনার পরপরই আমরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। নিহতের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হাশেম আলীকে গ্রেপ্তারে অভিযান চলছে।