কুষ্টিয়া
কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫ ২০:০৭ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫ ২০:২২ পিএম
কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্বর্ণালংকারের খোঁজে অ্যাম্বুলেন্সে থাকা মরদেহও তল্লাশি চালায় ডাকাত দলটি। এ খবরে এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৫০) বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই স্বজনেরা তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়িতে ফিরছিলেন। তারা কালিতলা-দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছলে পথে ডাকাত দলের কবলে পড়ে। ধারালো অস্ত্রের মুখে মারধরের পাশাপাশি চালক ও নিহতের স্বজনদের কাছ থেকে ৩২ হাজার ৬০০ টাকা ও এক নারীর কাছ থেকে একজোড়া কানের দুল (স্বর্ণাংলকার) ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ছাড়া ডাকাত দল স্বর্ণালংকারের সন্ধানে নিহতের কান ও গলায় তল্লাশি করে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।