× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিয়ার পুকুরে বিশাল কুমির এলাকাজুড়ে আতঙ্ক

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ২০:০৫ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৫ ২০:২৩ পিএম

হাতিয়ার পুকুরে বিশাল কুমির এলাকাজুড়ে আতঙ্ক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি পুকুরে বিশাল আকৃতির একটি কুমির দেখা যাওয়ায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুমিরের ভয়ে রাতভর পাহারা দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ জুন) বিকালে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুদ শরীফের বাড়ির পুকুরে কুমিরটি প্রথম স্পষ্টভাবে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ভিড় করতে থাকেন পুকুর পাড়ে। কুমিরের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দেন অনেকে।

মাসুদ শরীফ বলেন, তিন দিন আগে প্রতিবেশী ওলি ভাই রান্নাঘরের পাশে কুমিরটি দেখতে পান। প্রথমে সেটিকে তাড়িয়ে দিতে লাঠিসোটা নিয়ে এগোলেও বিশাল আকৃতির কুমির দেখে ভয় পেয়ে যান সবাই। তারপর গত বুধবার বিকালে আমার স্ত্রী আবারও কুমিরটিকে পুকুরে ভেসে উঠতে দেখেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও বন বিভাগকে জানাই। ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এলেও কুমিরটি উদ্ধার করতে পারেননি। বন বিভাগ জানায়, উদ্ধার কাজ তাদের আওতার বাইরে। তবে তারা কুমির শনাক্ত করে চলে যায়।

স্থানীয় বাসিন্দা আবদুল হালিম বলেন, প্রথমে মনে করেছিলাম গুজব। কিন্তু বিকালে নিজ চোখে দেখে বিস্মিত হয়ে যাই। সত্যিই বিশাল এক কুমির পুকুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন আতঙ্কে আছি, বিশেষ করে ছোট বাচ্চাদের নিয়ে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। অনেকেই কুমির দেখেছেন বলে জানিয়েছেন। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।

উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, আমরা ঘটনাটি জেনে একটি টিম পাঠিয়েছি। যেহেতু এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা, তাই পৌঁছাতে কিছুটা সময় লাগছে। কুমিরটি উদ্ধার করা সম্ভব হলে স্থানীয়দের আতঙ্ক কেটে যাবে বলে আশা করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা