মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২১:১৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:৫৩ পিএম
কুমিল্লার মুরাদনগরে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে আয়োজিত হলো দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান। বুধবার (২৫ জুন) বেলা ১১টায় মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার ‘নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল খন্দকার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহমান বলেন, জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে মুরাদনগরে ১ হাজার ৫০০ নারীকে চার মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ফ্যাশন ডিজাইন, বিউটি পার্লার, ক্যাটারিং, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্সসহ বিভিন্ন খাতে দক্ষতা অর্জন করে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন। নারীরা এখন পুরুষের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহীন মিয়া। তিনি বলেন, এই প্রশিক্ষণ নারীদের বেকারত্ব দূর করতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করেছে। একসময় যাদের অবহেলা করা হতো, আজ তারাই সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। এই প্রকল্পের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার উপযুক্ত করে তোলা হয়েছে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। উদ্যোক্তা হাসিনা আক্তার, সাদিয়া আক্তার, আকলিমা আক্তার, সাহনাজ আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে উদ্বুদ্ধকরণ উদ্যোক্তা কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের কাজের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।