জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:৫৭ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:০২ পিএম
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা।
দুর্নীতির অভিযোগে দায়েরকৃত বিভাগীয় মামলায় শাস্তিস্বরূপ পদাবনতি পেলেন জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা। পরিদর্শক পদ থেকে তাকে উপ-পরিদর্শক (এসআই) পদে নামিয়ে আনা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি পুরনো বিভাগীয় মামলার প্রেক্ষিতে শাস্তিমূলক পদাবনতি হয়েছে। এর বাইরে অন্য কোনো বিষয় নেই।
আক্কেলপুর থানা পুলিশ সূত্র জানা গেছে, পরিদর্শক মাসুদ রানাকে গত দুই মাস আগে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়। গত মঙ্গলবার তাকে থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে জয়পুরহাট জেলা স্পেশাল ব্রাঞ্চে (ডিএসবিতে) বদলি করা হয়। এরপর থেকে থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত থাকাকালে পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে কর্তৃপক্ষ তাকে তিন বছরের জন্য পদাবনতি দিয়ে এসআই পদে নিয়োগ দেয়। তবে বিভাগীয় মামলার রায় কার্যকর হওয়ার পর দ্রুততার সঙ্গে তাকে ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়।