কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:৪০ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫ ২১:০৭ পিএম
পায়রা সমুদ্রবন্দর ২০২৬ সালের জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। তিনি বলেন, ১৯টি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বাস্তবায়নের মাধ্যমে বন্দরের কাঠামোগত ও প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলা হচ্ছে, যা একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সমুদ্রবন্দরে রূপান্তর করবে।
বুধবার (২৫ জুন) সকালে বন্দরের প্রথম টার্মিনাল ভবনের মিলনায়তনে আয়োজিত ‘পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা ও অপারেশনাল কার্যক্রম’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাসুদ ইকবাল বলেন, বর্তমানে বন্দরের চ্যানেলের গভীরতা সাড়ে ৬ মিটার হলেও মেইনটেনেন্স ড্রেজিংয়ের মাধ্যমে তা বাড়িয়ে সাড়ে ১০ মিটার করা হবে। এতে ৪০-৫০ হাজার মেট্রিক টন মালবাহী মাদার ভ্যাসেল সহজেই ভিড়তে পারবে। ড্রেজিং খরচ কমাতে ইতোমধ্যে দুটি ড্রেজার ক্রয় করে নিজস্ব ব্যবস্থাপনায় ড্রেজিং কার্যক্রম শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বন্দর এলাকায় বিদ্যমান দুটি বিদ্যুৎকেন্দ্রের কয়লা হ্যান্ডলিংয়ের মাধ্যমেই এই ড্রেজিংয়ের ব্যয় মেটানো সম্ভব হবে। রাজধানীর সঙ্গে নৌ ও সড়কপথে তুলনামূলকভাবে কম দূরত্ব থাকায় পায়রা বন্দরে ২৪ ঘণ্টা কন্টেইনার পরিবহনের সুযোগ থাকবে। পাশাপাশি ৬ লেনের সড়ক নির্মিত হলে যানজটমুক্তভাবে কার্গো পরিবহনও সহজ হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মো. আব্দুল কাদের, স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. জামাল উদ্দিন চৌধুরী, মোংলা, পায়রা, পানগাঁও ও ল্যান্ড পোর্ট পরিচালক সুমন হাওলাদার, ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন পরিচালক মামুনুর রশিদ, কলাপাড়া প্রেস ক্লাব আহ্বায়ক মো. হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেস ক্লাব আহ্বায়ক মো. জাকির হোসেন প্রমুখ। সভায় বন্দরের কর্মকর্তা, ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।