বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১৯:২৮ পিএম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, ওসি (তদন্ত) সুরেজিত বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা।
কর্মশালায় বক্তারা বলেন, তামাক ও ধূমপান ব্যক্তি ও জাতির স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং মাঠপর্যায়ে আইন বাস্তবায়নে সবাই মিলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে টাস্কফোর্স সদস্যদের সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।