ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫ ২০:১০ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় ইউসুফ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে ময়মনসিংহ-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার মধ্য দত্তপাড়া গ্রামে টিঅ্যান্ডটি রোডে। তিনি ওই গ্রামের প্রয়াত খোরশেদ আলীর ছেলে। ট্রেনের ধাক্কায় নিহত ইউসুফ আলীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী রেলস্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি সকাল ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পার হয়। ঘটনাটি তখনই হয়তো ঘটেছে। সকালে এই দুর্ঘটনাটি ঘটলেও খোঁজ মেলে গতকাল দুপুর ২টার দিকে।
সোমবার দুপুরে রেলপথ ধরে যাওয়ার সময় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি মো. শিপন। তিনি বলেন, ‘আমি রেললাইন দিয়ে বাজারে যাওয়ার সময় লাশটি দেখতে পাই। তখন আশপাশের লোকদের ডাক দিই। তারা এসে পুলিশকে খবর দেয়।’ ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনার খবর কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে জানায়। ইউসুফ আলীর ছেলে রিকশাচালক ইজাজুল হক বলেন, ‘সকালে খাওয়াদাওয়া করে আব্বা বাড়ি থেকে বের হয়েছিলেন। কচুর লতি টুক্কানির (কুড়ানোর) জন্য।’
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ইউসুফ আশপাশের এলাকার ঝোপঝাড়, রাস্তাঘাট ও পতিত জমিতে থাকা কচুর লতি ও বিভিন্ন ধরনের শাকসবজি কুড়িয়ে আঁটি বেঁধে বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতো গতকাল সকালেও ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে রেললাইনে কচুর লতি তুলতে গিয়েছিলেন বৃদ্ধ ইউসুফ আলী। এ সময় অসাবধানতাবশত রেললাইনে লতি তোলার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি মারা যান বলে জানান স্থানীয়রা।
ইউসুফ আলীর নিথর দেহের পাশেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল একমুঠো কচুর লতি। কিন্তু সেগুলো আর বাজারে বিক্রি করা হলো না তার। এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ইউসুফ আলী কচুর লতি ও শাক আঁটি বেঁধে বাজারে বিক্রি করতেন। দুর্ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।