ফেনী সংবাদদাতা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১১:৪৭ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৫:৫৯ পিএম
হাফ ম্যারাথন প্রতিযোগীতায় সাড়ে ৭ কিলোমিটার গ্রুপ ও ২১ কিলোমিটার গ্রুপ দৌড় অংশগ্রহণ করে। ছবি :
‘সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়াম থেকে শুরু হয়ে সাড়ে ৭ কিলোমিটার গ্রুপ ও ২১ কিলোমিটার গ্রুপ এই প্রতিযোগিতায় অংশ নেয়।
২০০ জনের মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগী ছাড়াও দুইজন জাপানি নাগরিক, পাঁচজন নারী, পাঁচজন শিশু অংশ নেয়।
ম্যারাথন উদ্বোধন করেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি আবদুল মোতালেব। এ সময় উপস্থিত ছিলেন ফেনী ডায়বেটিস সমিতির সভাপতি একেএম সাহিদ রেজা শিমুল, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
প্রতিযোগীরা সাড়ে ৭ কিলোমিটার ম্যারাথনে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়াম থেকে ফেনী জেনারেল হাসপাতাল-ধর্মপুর-আমিনবাজার হয়ে আবার স্টেডিয়ামে আসে। ২৭ মিনিট ১৩ সেকেন্ডে চ্যাম্পিয়ন হন মো. আবু নাছের, ২৭ মিনিট ১৫ সেকেন্ডে দ্বিতীয় জাকের হোসেন, ২৮ মিনিট ৫ সেকেন্ডে তৃতীয় হন শেখ নাহিদ উদ্দিন।
প্রতিযোগীরা ২১ কিলোমিটার ম্যারাথনে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়াম থেকে ফেনী জেনারেল হাসপাতাল-ধর্মপুর-মটুয়া-আমিন বাজার-আমতলী হয়ে আবার স্টেডিয়ামে আসে। দৌড়ে ১০০ জন অংশগ্রহণ করেন। এক ঘণ্টা ১৫ মিনিটে ৫৮ সেকেন্ডে প্রথম হয়েছে ইমরান হোসেন, ১ ঘন্টা ১৯ মিনিটে ৮ সেকেন্ডে ২য় আশরাফুল আলম কাসেম, ১ ঘন্টা ২০ মিনিট ২৪ সেকেন্ডে ৩য় হয়েছেন আবদুল্লাহ আল মামুন।
প্রতিযোগীদের পুরষ্কার তুলে দেওয়া হচ্ছে। ছবি : প্রবা
ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ফেনী ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি এ কে এম শাহিদ রেজা শিমুল। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক ও ফেনী ডায়াবেটিস সমিতির সভাপতি এ কে এম শাহিদ রেজা শিমুল বলেন, 'প্রথমবারের মতো এটি ফেনীতে চালু হলো। এতে দেশ ও বিদেশের ২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। সুস্থ থাকার জন্য শারিরিক কসরতের বিকল্প নেই। তাই আগামীতেও এ ধারা অব্যাহত রাখা হবে।'