ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১০:৫৪ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১১:০৫ এএম
বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ছবি : প্রবা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপালগঞ্জ থেকে আসা রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাতৈর রেলস্টেশন এলাকায় ওই নারী মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন। ভোরে রেলওয়ে দিয়ে চলার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও সাতৈর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, সাতৈর রেলস্টেশন এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারীর বয়স আনুমানিক ৪২ বছর।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আবদুল ওহাব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়েছি। তিনি একজন মানসিক ভারসাম্যহীন। তার পরিচয়ও জানা যায়নি।’
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা খবর পেয়েছি। রাজবাড়ী থেকে ঘটনাস্থল বেশ দূরে। আমরা ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।’