কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২০:৪৪ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫ ২১:১৩ পিএম
কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মামাতো ভাই লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ খোরশেদ আলম, সাগর ও স্বপন। ঘটনার সঙ্গে যুক্ত অটোরিকশা চালক এনায়েত রহমান সাক্কুকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং লাকসামের ফতেপুর এলাকার একটি বিড়ি ফ্যাক্টরিতে কাজ করেন। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে কথিত প্রেমিক রিফাতের সন্ধানে গত ৮ জুন লাকসাম বাজারে আসেন। সেখানেই তার পরিচয় হয় অটোরিকশাচালক সাক্কুর সঙ্গে। রিফাতকে খুঁজে না পেয়ে রাত ১০টার দিকে তারা লাকসাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নেয়। ওই সময় কিছু বখাটে তরুণীকে উত্ত্যক্ত করলে সাক্কু নিজেকে তরুণীর স্বামী পরিচয়ে বাঁচানোর চেষ্টা করে। তবে পরে সাক্কু সেই পরিচয় অস্বীকার করে বখাটেদের সঙ্গে যোগ দেয়। গত ৯ জুন ভোর সাড়ে ৪টার দিকে তারা তরুণীকে স্টেশনের পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে তরুণীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন। আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।