সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫ ২১:৩০ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫ ২১:৪১ পিএম
‘আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার’Ñ এই স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে দলটির আত্মপ্রকাশ হয়েছে বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুল বাসেত মারজান।
তিনি বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু গত ৫৪ বছরে রাজনীতির নামে হয়েছে লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি। রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সেবা, ন্যায়ের পক্ষে অবস্থান, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও উন্নত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা। একমাত্র বাংলাদেশে ৫ বছর পর পর হানাহানি করে সরকার পরিবর্তন করা হয়। পৃথিবীর আর কোনো দেশে এমনটা নেই।
রবিবার (১৫ জুন) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা এবি পার্টির আয়োজনে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা এবি পার্টির সমন্বয়ক খায়রুল আলম, সহ-সমন্বয়ক মোস্তফা কামাল রঞ্জু, সদস্য সচিব রানা মিয়া, রংপুর জেলা যুব পার্টির আহ্বায়ক মেহেদী হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা ও রাজনীতিবিদ অধ্যক্ষ শরিফুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য দেন ফনিভূষণ দাশ, শহিদুল ইসলাম, নুরুল আমীন প্রমুখ।
সভা শেষে আব্দুল বাসেত মারজান সুন্দরগঞ্জ উপজেলা এবি পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে তাজুল ইসলামকে আহ্বায়ক ও শহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়।