মোংলা (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫ ২০:০৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫ ২০:৪৫ পিএম
সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র পুনরায় উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন মোংলার মাঝিমাল্লা ও পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীরা। রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় মোংলা পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন সুন্দরবন-নির্ভরশীল পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মোংলার পাঁচটি সংগঠনের প্রায় দেড় হাজার মানুষ। তারা বলেন, সুন্দরবন সুরক্ষায় বন বিভাগের সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেও শুধু করমজল পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি জানান। তা না হলে এই শিল্পকে ঘিরে গড়ে ওঠা শত শত পর্যটন ব্যবাসয়ী-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন। কারণ, এটি তাদের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নিষেধাজ্ঞাকালীন বনজীবীরা সরকারি সহায়তা পেলেও আমরা পর্যটননির্ভর পেশাজীবীরা কোনো সহায়তা পায় না। আমাদের দাবি কোনো অনুদান নয়, শুধু করমজল কেন্দ্রটি খুলে দেওয়া হোক, যাতে আমরা নিজ পরিশ্রমে জীবিকা চালাতে পারি।
এ সময় বক্তব্য রাখেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ, সুন্দরবন ট্যুর অপারেটর তানজির হোসেন রুবেল, এনামুল হুদা বুলবুল, শামস রুবেল, সাবেক কাউন্সিলর এমএ কাদের, মাঝিমাল্লা ইউনিয়ন নেতা দেলোয়ার হোসেন, মো. সোহাগ, মো. মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমির মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এ বছরও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটন ও মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এই সময়টিতে বন্যপ্রাণী ও মাছের প্রজনন নিরাপদ রাখতে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকে। তবে নিষেধাজ্ঞা বহাল রেখেই শুধু করমজল পর্যটন কেন্দ্র চালু রাখার দাবিতে এবার সরব হয়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।