নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৯ মে ২০২৫ ২০:৪৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫ ২০:৫৩ পিএম
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. রুহুল আমিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, থানার ওসি শেখ মো. কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, দীঘলবাক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, করগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ আসাদুজ্জামান অনুজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালিক মিয়া নবীগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুর রহমান জানান, কোরবানির ঈদ কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলায় পশুর কোনো সংকট নেই। স্থানীয়ভাবে চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে, এই ঈদে প্রায় সাড়ে ১৫ হাজার পশুর চাহিদা রয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি এক ব্যক্তি প্রাণিসম্পদ অফিসে গরু নিয়ে চিকিৎসার জন্য এলে সেবা দেওয়ার পরও তিনি অসদাচরণ করেন, যা সভায় তিনি উত্থাপন করেন। নবাগত ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গজনাইপুর পশুর হাট ইস্যুতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। নবীগঞ্জ শহরের যানজট নিরসনে অবৈধ টমটম চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা ও গ্রোথ সেন্টারে ব্যবসায়ীদের পুনর্বাসনের সিদ্ধান্ত হয়।