বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:৪৮ পিএম
আপডেট : ২১ মে ২০২৫ ২০:৫৫ পিএম
যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার পূর্ব মুহূর্তে বিদায় অনুষ্ঠানের দিন স্কুলের শ্রেণিকক্ষে ফ্যান, লাইট, সিসি ক্যামেরা, চেয়ার ও টেবিল ভাঙচুর করে টিকটক ভিডিও তৈরি করেছে ছয়জন শিক্ষার্থী।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়দের মাঝে।
মঙ্গলবার (২০ মে) রাতে স্বাধীন বাবু নামে এক শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইলে ভিডিওটি প্রকাশ পায়। এতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে ঢুকে মনিটর, চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং তা মোবাইল ফোনে ধারণ করে টিকটকের জন্য ভিডিও তৈরি করে।
ভাঙচুরে অভিযুক্ত শিক্ষার্থীরা হলেনÑ রহিত, মাসুদ, আপন, অর্ণব, মাসুম বিল্লাহ ও সামির। তারা সবাই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর জানান, আমরা নিয়ম অনুযায়ী বিদায় অনুষ্ঠান আয়োজন করেছিলাম। কিন্তু সেদিনই কিছু শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রবেশ করে ভাঙচুর চালায়। প্রথমে আমরা কিছু জানতাম না। পরে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্তদের শনাক্ত করে তাদের অভিভাবকদের জানানো হয়েছে।
ঘটনার পর স্থানীয় সমাজে এবং বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক আহসান উল্লাহ বলেন, স্কুলজীবন শেষ হওয়া মানেই আবেগঘন মুহূর্ত। অথচ এমন অপকর্ম আমাদের বিব্রত ও লজ্জিত করেছে।
সাধারণ শিক্ষার্থীরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।