রাজশাহী অফিস
প্রকাশ : ১২ মে ২০২৫ ১৮:২৪ পিএম
আপডেট : ১২ মে ২০২৫ ১৮:৩৪ পিএম
দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ আর ভ্যাপসা গরম। তাপদাহের কারণে ডায়রিয়া, কলেরা, পেটের পিড়াজনিত সমস্যায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এর প্রভাব পড়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
রবিবার (১১ মে) সরেজমিন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, সবগুলো বেড রোগীতে পরিপূর্ণ। রোগীর চাপে বারান্দাতেও বিছানো হয়েছে অতিরিক্ত বেড। ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি, পাশাপাশি অনেক বৃদ্ধও চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, তাপদাহের কারণে গত কয়েকদিনে প্রায় ৪০ জন শিশু ও ১৫ জন প্রাপ্তবয়স্ক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। প্রতিদিন আউটডোরেও বহু মানুষ ডায়রিয়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা শ্যামপুর বাসিন্দা খাদিজা পারভিন বলেন, তার সাত মাস বয়সি শিশু তানিশা হঠাৎ পাতলা পায়খানা শুরু করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক ডায়রিয়া শনাক্ত করে ভর্তি দেন। এখন কিছুটা সুস্থ রয়েছে। একইভাবে রিজভী নামের আরেক শিশুর বাবা বলেন, হঠাৎ পাতলা পায়খানা ও বমি শুরু হলে হাসপাতালে এনে জানতে পারেন ডায়রিয়া হয়েছে। পেটে ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে আসা গোলাম মোস্তফা বলেন, প্রথমে জ্বর ও পেট ব্যথা, পরে বমি শুরু হলে হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন কিছুটা ভালো আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, তীব্র গরম ও আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশুদের নিয়ে বেশি সতর্ক থাকতে হবে। পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়াতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং পর্যাপ্ত পানি পান করাতে হবে। এ সময়ে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।