× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও

নেসকোর প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫ ১৮:১৯ পিএম

আপডেট : ১২ মে ২০২৫ ১৮:২৯ পিএম

নেসকোর প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান

ঠাকুরগাঁওয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী ও হয়রানিমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন জেলার বিদ্যুৎ গ্রাহকরা।

সোমবার (১২ মে) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও বিদ্যুৎ গ্রাহক ফোরামের ব্যানারে জেলা প্রশাসক চত্বর থেকে নেসকো কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয়। কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়ে প্রি-পেইড মিটারবিরোধী বক্তব্য দেন আন্দোলনকারীরা।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান তানু বলেন, আগে টাকা, পরে বিদ্যুৎÑ এই ব্যবস্থা ঠাকুরগাঁওয়ে চলবে না। বাংলাদেশের বড় বড় বিভাগীয় শহর রয়েছে, সিটি করপোরেশন রয়েছে, সেগুলোতে বাস্তবায়ন করুন আগে। এখনও এই জেলার অধিকাংশ মানুষ চিকিৎসা না পেয়ে মারা যায়, সেখানে এই মিটার চাপিয়ে দেওয়া অমানবিক।

সদস্য সোহেল রানা বলেন, কেন প্রি-পেইড মিটার স্থাপন করবÑ এমন প্রশ্ন নেসকো কর্তৃপক্ষের কাছে রাখলে তারা কোনো উত্তরে গ্রাহককে খুশি করতে পারেনি। প্রি-পেইড মিটারে নির্দিষ্ট সময়ে টাকা না থাকলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে, যা গ্রামীণ জনপদের জন্য একপ্রকার শাস্তি।

বিদ্যুৎ গ্রাহক ফোরামের সদস্য সচিব আবু বক্কর সিদ্দীক বলেন, বিগত হাসিনার শাসনামলে এই মিটারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এখন আবার নতুন করে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। এটা ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের ওপর এক ধরনের জুলুম।

আহ্বায়ক মাসুদ আহম্মদ সুবর্ণ বলেন, ২০০৩ সালের বিদ্যুৎ আইনে বলা আছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের আগে ১৫ দিন নোটিস দিতে হবে। কিন্তু প্রি-পেইড মিটারে তা মানা হয় না। এটি জনগণের অধিকার হরণ। আমরা স্পষ্ট করে বলতে চাই, ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত থেকে নেসকোকে সরে আসতে হবে। নয়তো নেসকো হঠাও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এ ছাড়া বক্তব্য দেন ফোরামের সদস্য মাহাবুব আলম রুবেল, রিজওয়ানুল হক রেজুসহ অনেকে। পদযাত্রায় হাজারো গ্রাহক অংশ নেন। পরে ফোরামের একটি প্রতিনিধিদল ঠাকুরগাঁও নেসকো কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের হাতে একটি স্মারকলিপি প্রদান করে। এ বিষয়ে এই প্রকৌশলী জানান, আমি স্মারকলিপি গ্রহণ করেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব। 

উল্লেখ্য, এর আগে গত ৮ মে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রি-পেইড মিটার স্থাপন সংক্রান্ত এক সভায় গ্রাহকদের বিরোধিতার মুখে নেসকো কর্তৃপক্ষ কোনো সঠিক ব্যাখ্যা দিতে না পেরে সভা সমাপ্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা