ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫ ১৯:৪৬ পিএম
ফটিকছড়ির নারায়ণহাট ইউপি চেয়ারম্যানের কক্ষে তালা দিচ্ছেন বিক্ষুব্ধ ইউনিয়নবাসী। প্রবা ফটো
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ স্বপদে ফেরার গুঞ্জনে ইউনিয়নে তীব্র উত্তেজনা বিরাজ করছে। চেয়ারম্যানের প্রত্যাবর্তনের সম্ভাবনায় ক্ষুব্ধ স্থানীয়রা তাকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৯ মে) থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন এবং স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।
বিক্ষুব্ধ স্থানীয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষে তালা লাগিয়ে দেন। তারা বলেন, ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদের অতীত কর্মকাণ্ডের জন্য তার নারায়ণহাটে ঠাঁই নেই। তাকে ‘চাঁদাবাজ’, ‘জুলুমবাজ’ ও ‘দখলবাজ’ বলে আখ্যা দিয়ে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও সমাজকর্মীরা প্রকাশ্যে তার প্রতিরোধের ডাক দিয়েছেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী শাহাদাত বলেন, এই দখলবাজ চেয়ারম্যানকে অফিসে বসতে দেওয়া হবে না। তাকে চরম মূল্যে প্রতিহত করা হবে। তিনি আ.লীগের দোসর এবং দখলবাজ ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। নারায়ণহাটে তার কোনো ঠাঁই নেই। স্থানীয় গাড়িচালক আমির খান বলেন, এই পরিষদকে সংস্কার করতে হবে। এই চাঁদাবাজ চেয়ারম্যানের সব ষড়যন্ত্রকে রুখতে হবে শক্ত হাতে। এটা আমাদের করতেই হবে। স্থানীয় গৃহবধূ কমলা খাতুন বলেন, বিগত সময়ে নানাভাবে বিচার বাণিজ্য, জুলুম-নির্যাতন, হামলা-মামলা দিয়ে বাসিন্দাদের হয়রানি করেছেন। এমন কোনো ঘৃণিত কাজ নেই যে তিনি করেননি। আমরা প্রয়োজনে জীবন দেব, রক্তপাত হবে, তবুও তিনি স্বপদে আসতে পারবেন না।
সমাজকর্মী আনসুর আলী বলেন, আমরা পরিষদ পাহারা দেব। তিনি এসে কী করেন দেখব। যাদেরকে নিয়ে আসার চেষ্টা করবে তাদেরকেই প্রতিহত করব।
ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, আমি আওয়ামী লীগের চেয়ারম্যান নই, স্বতন্ত্র চেয়ারম্যান, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। দায়িত্ব পালনে কেউ বাধা দিলে রাষ্ট্রীয় শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তাছাড়া বিষয়টি ইউএনও মহোদয় অবগত। তার নির্দেশনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, জেলা প্রশাসক তাকে পরিষদ পরিচালনার প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।