ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ২২:০২ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫ ২২:১৮ পিএম
ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান। প্রবা ফটো
ফেনীতে দৈনিক ফেনীর সময় পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জিল্লুর রহমান নামে এক ছাত্রদল নেতা। জিল্লুর ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক।
সোমবার (২৮ এপ্রিল) দৈনিক ফেনীর সময়-এ ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর জিল্লুর ক্ষুব্ধ হয়ে আরিফ আজমকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় আরিফ ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে জিল্লুর তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেয়।
পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সাংবাদিক নেতাদের বিষয়টি অবহিত করেছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফেনী মডেল থানার ওসি সামছুজ্জামান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে জিল্লুর রহমান সোমবার বিকালে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন। তবে সেখানে উপস্থিত দোকানদাররা জানান, জিল্লুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি হয়েছে এবং কখনো কখনো তার নামেই অর্থ আদায় করা হয়েছে।
বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা জানান, জিল্লুর চাঁদাবাজিসহ নানা কর্মকান্ডে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে ছাত্রদলের হাইকমান্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন জানান, চাঁদাবাজির বিষয়টি তাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনায় বসা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, জিল্লুর বিরুদ্ধে আগেও নানা অভিযোগ ছিল এবং এবারের ঘটনা কেন্দ্রীয় ছাত্রদলকে জানানো হবে।