গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১৪:০৬ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জিএমপি কমিশনার ড. মো. নজমুল করিম খান। প্রবা ফটো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। যানজট নিরসন, ছিনতাই প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে ৫০০ পুলিশ সদস্যসহ স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিশেষ টিম কাজ করছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানিয়েছেন জিএমপি কমিশনার ড. মো. নজমুল করিম খান।
তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসাধারণকেও আইন মানতে হবে। তাহলেই শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব।
জিএমপি কমিশনার জানান, মহাসড়কে কোনোভাবেই অটোরিকশা উঠতে দেওয়া হবে না এবং নির্দিষ্ট স্থান থেকে অন্তত ১০০ মিটার দূরে রাখতে হবে। ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ কাজ করছে, পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে ভলান্টিয়াররাও সহায়তা করছে।
কমিশনার আরও বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে, কোথাও থামানো যাবে না। সামান্য থামলেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এছাড়া ঈদের সময় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে, শুধুমাত্র সবজিবাহী ট্রাক চলতে পারবে।
যানজট মনিটরিংয়ে জিএমপির ড্রোন সার্ভিস ব্যবহার করা হবে বলে জানান তিনি।
আইন মেনে চলার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে।