গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ০০:৫৮ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৫ ১১:১৪ এএম
মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে।
মঙ্গলবার (২৫ মার্চ) ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয় তার এ চিঠিটি। সমাজমাধ্যমে এ চিঠি ভাইরাল হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাকে ওএসডি করা হয়। ওই চিঠি টাইপ করেছেন যিনি সেই প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে শোকজ করা হয়েছে।
জানা গেছে, ২০ মার্চ তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের অনুরোধ জানানো হয়। তবে চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয়। শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেওয়া হয়।
সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে সাংবাদিকদের বলেন, ‘ভুলবশত গতবারের চিঠি কপি পেস্ট করতে গিয়ে টাইপিং মিসটেক হয়েছিল। তাড়াহুড়ো করে স্বাক্ষর করেছি। ভুল ধরার পর তা সংশোধন করা হয়।’
আপনি এ দায় এড়াতে পারেন কি না- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, দায় এড়ানোর সুযোগ নেই। পরে সংশোধন করে দিয়েছি।’
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নমিতা দে দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত। বিগত সরকারের সময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি সম্পত্তি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। আগের আওয়ামী সমর্থিত মেয়রদের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ৫ আগস্টের পর তাকে বদলি করা হলেও অদৃশ্য কারণে সে বদলি কার্যকর হয়নি। বরং তাকে আরও গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। কিন্তু তিনি সে পদে যোগ না দিয়ে গাজীপুর সিটি করপোরেশনেই থেকে যান।
এ বিষয়ে গাজীপুর সিটির প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নমিতা দেকে ওএসডি করা হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত চিঠিতে নমিতা দেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।