আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২১:০৪ পিএম
তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় সরকারি কাজে বাঁধা প্রদানসহ পুলিশের গাড়ি ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ জেলার সদর থানার শিবপুর গ্রামের মো. কাজিম শেখের ছেলে জসিম (২০), একই জেলা ও থানার বনগ্রাম এলাকার আজিম শেখের ছেলে নয়ন শেখ (২১) এবং খুলনা জেলার সদর থানার মিস্ত্রী পাড়া মহল্লার মনির শেখের ছেলে ইমরান শেখ (২৬)।
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও ভোগান্তি কমাতে রবিবার দুপুরে সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ার বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান চালায়। এ সময় উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলকারী পাঁচ শতাধিক হকার সরকারি কাজে বাঁধা প্রদান করে। একপর্যায়ে তারা লাঠিসোঁটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটামসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। ঘটনাস্থলে থাকা দুটি পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হলে রাতেই অভিযান পরিচালনা করে ৩ যুবককে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, সরকারি কাজে বাঁধা প্রদানসহ উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করাসহ সরকারি দুটি গাড়ি ভাঙচুর করে ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ৩ হামলাকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।