সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ২১:৩০ পিএম
প্রতীকী
সাঁথিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২৩) নামের একজনকে বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার (১৯ মার্চ) দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন গোপীনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আকাশ ওই এলাকার দবির প্রামানিকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওই ছাত্রীর বাবা-মা বাড়ির বাইরে থাকার সুযোগে আকাশ তাকে ধর্ষণ করে। ওই ছাত্রীর মা ঘরে এসে দরজা খুলতে না পেরে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয় লোকজনকে ডাকেন। এ সময় ধর্ষক আকাশ ঘরের দরজা ভেঙ্গে দ্রুত পালিয়ে যান।
পরে রাত ৯টার দিকে ভুক্তভোগীর মা তার মেয়েকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ধর্ষিতার মা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষক আকাশকে গ্রেপ্তার করেছে।