× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় গণহত্যার প্রতিবাদ

ফিলিস্তিন রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১৯:৪৩ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দেড়টায় আন্দরকিল্লা জামে মসজিদ উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর বিক্ষোভ মিছিল চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে ‘জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে’, ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই কর’, ‘বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ফিলিস্তিনে হামলা, চলবে না বাংলা’, ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিনকে রক্ষা কর’; ইত্যাদি স্লোগান দিতে শুনা যায়।

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী। 

তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসেই গাজায় ইসরায়েলি বাহিনীর আবারও গণহত্যা শুরু করেছে। মানবতার দুশমন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ চার শতাধিক লোককে হত্যা করেছে। রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরাইলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা। যা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক। অবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ করে সেখানকার মুসলমানদের অধিকার পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিয়ে তার সুরক্ষাও নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রয়োজন হলে আবার বদর সংগঠিত হবে, ইহুদিবাদ নিপাত যাবে। তিনি অবিলম্বে ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

জেলা নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দুর্নীতি ও অপশাসনের কারণে নিজ দেশেই রোষানলে পড়েছে নেতানিয়াহু। ধার্মিক ইহুদিরা পর্যন্ত যায়নবাদী সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নিজের ব্যর্থতার দায় আড়াল করতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিশি রাতে গাজাবাসীর উপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। যুদ্ধবিরতি মেনে চলতে বাধ্য করতে হবে ইসরায়েলকে। ডোনাল্ড ট্রাম্প যদি নিরপরাধ নারী ও শিশুসহ হত্যাকাণ্ডকে সহযোগিতা করেন তাহলে অচিরেই বিশ্বনেতৃত্ব হারাবেন। মুসলিম নেতৃবৃন্দ যদি মুনাফেকি পরিত্যাগ না করেন তাহলে পরকালে ক্ষতিগ্রস্ত হবেন। হাজার হাজার বছরের ঐতিহ্য গাজাকে বোমা মেরে উড়িয়ে দেয়া যাবে না। গাজার প্রতিটি বালি কণা তাকবীর ধ্বনি দেবে। নিরপরাধ শহীদের হাড়-মাংসের প্রতিটি কণা থেকেই আল্লাহু আকবর আওয়াজ উঠবে। জায়নবাদ ধ্বংস হবে।

চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- জামায়াত চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।

এ সময় জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, হামেদ হাসান ইলাহী, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমি, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর হাজারো নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ, ১৭ রমজান (১৮ মার্চ) ঐতিহাসিক বদর দিবসের সেহেরির সময় ফিলিস্তিনের গাজায় হামলা করে প্রায় সাড়ে চারশত মানুষকে হত্যা করেছে ইসরায়েল। পরবর্তী ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করা হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) ইফতারের পূর্বে হামলা করে ত্রাণকর্মীদের পর্যন্ত হত্যা করেছে। পরদিন বৃহস্পতিবার সেহেরির সময়ও ৭১ জন হত্যা করার তথ্য দিয়েছে আল-জাজিরা। বিগত তিন দিনে প্রায় ১১শ' সহ অক্টোবর-২০২৩ থেকে প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা