× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভৈরব নদে কেন বারবার ডুবছে পণ্যবাহী জাহাজ

এসএম রফিকুল আলম, অভয়নগর (যশোর)

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১১:৪৮ এএম

গত বছরের ১৩ এপ্রিল উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদের নোনাঘাটে কয়লাবোঝাই এমভি সাকিব বিভা-২ কার্গো জাহাজটি নদে ডুবে যায়। প্রবা ফটো

গত বছরের ১৩ এপ্রিল উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদের নোনাঘাটে কয়লাবোঝাই এমভি সাকিব বিভা-২ কার্গো জাহাজটি নদে ডুবে যায়। প্রবা ফটো

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ভৈরব নদে প্রকট নাব্য সংকটের কারণে ঘন ঘন জাহাজডুবির ঘটনা ঘটছে। গত পনেরো দিনের ব্যবধানে নদের শুধু অভয়নগর অংশে দুটি আর বিগত ১৪ মাসে ছয়টি পণ্যবোঝাই জাহাজ ডুবে গেছে। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি নদে ইউরিয়া সারবোঝাই একটি কার্গোজাহাজ তলা ফেটে ডুবে যায়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত চার কারণে ভৈরব নদে বারবার জাহাজডুবির ঘটনা ঘটছে। প্রথমত নদ দখলের কারণে ভৈরব দিন দিন সরু হয়ে পড়েছে। দ্বিতীয়ত খনন কাজ সুসম বা ধারাবাহিকভাবে করা হয় না। কোথাও গভীর আবার কোথাও মোটেও খনন করা হয় না। তৃতীয়ত অদক্ষ মাস্টার, ড্রাইভার মূল চ্যানেলের বাইরে এসে নদের কিনারায় জাহাজগুলো নোঙর করে। চতুর্থত জাহাজগুলো পুরোনো হওয়ায় এবং সময়মতো মেরামত না করায় পণ্যের অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে না পেরে পুরোনো জাহাজের তলা ফেটে তা পানিতে তলিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মুজতখালী থেকে আফরাঘাট পর্যন্ত নওয়াপাড়া নৌবন্দরের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। গত বছর অভয়নগরের ভৈরব নদের দেয়াপাড়া এলাকায় এমভিআর রাজ্জাক নামের একটি কয়লাবোঝাই জাহাজ ডুবে যায়। জাহাজে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত ৮২০ টন কয়লা ছিল। ডুবে যাওয়ার ৭ দিন পর জাহাজটি পানি থেকে তোলা হয়। একই বছরে উপজেলার ধুলগ্রাম এলাকায় ভৈরব নদে এমভি মৌমনি-১ নামের একটি কয়লা বোঝাই কার্গো তলা ফেটে ডুবে যায়। 

এ ছাড়া উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদে কয়লা বোঝাই এমভি পূর্বাঞ্চল-৭ কার্গোটি ডুবে যায়। জাহাজটিতে ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। নওয়াপাড়া বাজার সংলগ্ন ভৈরব নদে কয়লা বোঝাই এমভি সাকিব বিভা-২ কার্গোটি ঘাটে নোঙর করার সময় তলা ফেটে পানি ঢুকে নদে ডুবে যায়। কার্গোটিতে ৬৮৫ টন কয়লা ছিল। গত ফেব্রুয়ারি উপজেলার শুভরাড়া এলাকায় ভৈরব নদে আমদানি করা বিসিআইসির ৮৫০ মটন ইউরিয়া সারবোঝাই এম.ভি. সেভেন সীজ-৪ কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়। সামিট অ্যাসোসিয়েটস ওই ইউরিয়া সারের পরিবহন ঠিকাদার। 

এম.ভি. সেভেন সীজ-৪ এর মাস্টার জুয়েল হোসেন জানান, গত ৫ ফেব্রুয়ারি শুভরাড়া খেয়াঘাটে ভৈরব নদে কার্গো জাহাজটি নোঙর করা হয়। ৯ ফেব্রুয়ারি জাহাজ থেকে ইউরিয়া নামানোর সময় ভাটায় তলদেশের মাটিতে থাকা পাথর কিংবা শক্ত কোনো বস্তুর সঙ্গে সজোরে আঘাতে জাহাজটির তলদেশ ফেটে জোয়ারের সময় ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে থাকে। আগে গত ২৫ জানুয়ারি অভয়নগরের সিদ্দিপাশা এলাকায় ভৈরব নদে আকিজ অ্যাসেনসিয়ালের গম বোঝাই এমভি ওয়েস্টার্ন-২ কার্গো জাহাজটি কাত হয়ে পানি ঢুকে নদের পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৭০০ মেট্রিক টন গম ছিল। 

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়ার সদস্য সচিব নিয়ামুল ইসলাম রিকো বলেন, ‘নওয়াপাড়া ভৈরব নদে ন্যব্যতা সংকট বিশেষ করে শুকনো মৌসুমে প্রকট আকার ধারণ করে। খনন কাজ সুসম বা ধারাবাহিকভাবে করা হয় না। কোথাও গভীর আবার কোথাও মোটেও খনন করা হয় না। যে কারণে ঘন ঘন জাহাজ ডুবছে।’

নদীবন্দরের উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ‘সব নদ-নদীতে নাব্যতা সংকট রয়েছে। ভৈরব নদে ড্রেজিং চলছে। মূলত অদক্ষ মাস্টার ড্রাইভার নিয়ম না মেনে জাহাজগুলো মূল চ্যানেলের বাইরে এসে নদের কিনারায় নোঙর করে। তাছাড়া পুরোনো জাহাজের তলদেশ নিয়মিত ডকিং বা মেরামত না করায় অতিরিক্ত পণ্যের চাপে ভাটার এসব জাহাজ দুর্ঘটনায় পড়ছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা