বগুড়া অফিস
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৫:২২ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫ ১৫:২৩ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই আরোহী নিহত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) ১১টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল পূর্বপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় সরকার ও আব্দুল হাইয়ের ছেলে শুভ শেখ। এ ঘটনায় আহত আরেক বন্ধু মোটরসাইকেল চালক একই এলাকার শাহিনের ছেলে সাগর।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে উপপরিদর্শক নূর হোসেন জানান, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে তিন বন্ধু ছবি তুলতে যায়। ছবি তোলা শেষে বাড়িতে ফেরার পথে এসআর কেমিক্যালের সামনে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুভ নিহত হয়। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হৃদয়ের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।