রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ২০:৩৫ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫ ২০:৩৫ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কলেজশিক্ষার্থী হলো- শোয়াইব ইসলাম। সে কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার কোদালা ইউনিয়নের কোদালা গ্রামের বাসিন্দা।
কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের প্রভাষক কামরুল ইসলাম বলেন, শোয়াইব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার তার মৃত্যু হয়। এমন মৃত্যুতে তার শিক্ষক, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।