বগুড়া অফিস
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৭:২৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৭:৩১ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার গাবতলীতে সপ্তম শ্রেনীতে পড়ুয়া এক স্কুলছাত্রকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) রাতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার মরদেহটি বাড়ির পাশের পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়।
নিহতের নাম. মো সিফাত। সে গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোল্লার ছেলে। এছাড়াও সে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে লেখাপড়া করতো।
এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত মসজিদে ইফতার করার পর বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৯টার দিকে স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান, সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, গলায় হাতের আঙ্গুলের দাগ ছিল।
সিফাতের মা রুলি বেগম বলেন, ‘সিফাত রোজা ছিল, মসজিদে ইফতার শেষে বাড়ি এসে আবারও বেড়িয়ে যায়। রাত ৯টায় তার মরদেহ পাওয়া যায়। ইমরান হোসেন হারু নামের এক হিজড়ার বাড়ির নিকট সিফাতের লাশ পড়ে ছিল। সিফাতকে হত্যা করা হয়েছে।’
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল বলেন, ‘সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’