নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ২১:১১ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫ ২১:১৯ পিএম
প্রতীকী ছবি
নেত্রকোণার মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে ছোট ভাই সম্রাটের হামলায় আহত বড় ভাই দ্বীন ইসলামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত দ্বীন ইসলাম উপজেলার সদর ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে নিয়ে ছোট ভাই সম্রাটের সঙ্গে বড় ভাই দ্বীন ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই সম্রাট ক্ষিপ্ত হয়ে বড় ভাইয়ের ওপর হামলা করলে তিনি আহত হন। পরে আহত দ্বীন ইসলামকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।