ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৯:২৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে ফেরার পথে ছাত্রদের ওপর হামলা করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় চার ছাত্র আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ফ্ল্যাটফরর্মে এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে শাহজাহান নামে এক টিকিট কালোবাজারিকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটক শাহজাহানের বাড়ি পৌর এলাকার পুনিয়াউট মহল্লায়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি ও দায়িত্বশীলদের টিকিট সিন্ডিকেট, ব্ল্যাকারসহ সিন্ডিকেটে জড়িত সকলের শাস্তির দাবিতে আজ বেলা ১১টার দিকে ‘সচেতন ছাত্রসমাজ ও ভুক্তভোগীরা’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ছাত্ররা চলে যাওয়ার সময় তিতাস কমিউটার টিকিট কাউন্টারের সামনে টিকিট কালোবাজারি নাজমুল হক সানি ও শাহজাহানের নেতৃত্বে টিকিট কালোবাজারিরা ছাত্রদের ওপর হামলা করে। হামলায় চার ছাত্র আহত হয়। আহতদের মধ্যে সৌরভ ও তারভীরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নাজমুল হক সানি পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে কালোবাজারি শাহজাহানকে আটক করে। নাজমুল হক সানিসহ অন্যান্য টিকিট কালোবাজারিরা পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে টিকিট কালোবাজারি শাহজাহানকে আটক করে আখাউড়া রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা হবে।
এর আগে শুক্রবার বেলা ১১টায় রেল স্টেশনের প্লাটফর্মে ‘সচেতন ছাত্রসমাজ ও ভুক্তভোগীরা’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক শেখ আরিফ বিল্লাহ আজিজী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মো. বোরহান সিয়াম, মো. মোহাইমিনুল আজমিন, মো. আবু বক্কর, মো. তোফাজ্জল হোসেন, মো. মারুফ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি ও দায়িত্বশীলদের টিকিট সিন্ডিকেট, ব্ল্যাকারসহ সিন্ডিকেটে জড়িত সকলদের শাস্তির দাবিতে আমাদের এই মানববন্ধন। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রকাশ্যে টিকিট কালোবাজারি হলেও প্রশাসন নীরব। আমরা টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সবার শাস্তি দাবি করি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত (মাস্টার) মো. জসিম উদ্দিন বলেন, কেউ যদি অনলাইনে কেটে বেশি দামে বিক্রি করে সেটা তো রোধ করা যাবে না। টিকিট কালোবাজারির সঙ্গে স্টেশনের কেউ জড়িত না।